ফকিরহাটে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক
সূত্রঃ সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লখপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন—সেকেরডাঙ্গা গ্রামের শুকুর শেখের ছেলে হানিফ শেখ (৩৩) এবং রামপাল উপজেলার মল্লিকের বেড় এলাকার হারুন অর রশিদ হাওলাদারের ছেলে জাহিদুল ইসলাম হাওলাদার (৪১)।
পুলিশ জানায়, আটকের সময় হানিফ শেখের কাছ থেকে ৩৫ পিস এবং জাহিদুল ইসলাম হাওলাদারের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের উদ্ধার করা মাদকসহ থানায় নেওয়া হয়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এমকে/বিএম২৪









