শরণখোলায় ধানক্ষেতে মিলল ১৫ ফুটের অজগর, আতঙ্কের পর স্বস্তি

প্রকাশিত: ১২ মে ২০২৬, ১১:৩৪ এএম
শরণখোলায় ধানক্ষেতে মিলল ১৫ ফুটের অজগর, আতঙ্কের পর স্বস্তি

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ 

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলায় একটি ধানক্ষেত থেকে প্রায় ১৫ ফুট লম্বা একটি অজগর উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কৃষকের তিনটি হাঁস খাওয়ার পর সাপটি ধানক্ষেতের মধ্যে নিশ্চিন্তে পড়ে ছিল।

পরে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করেন। 

স্থানীয় সূত্র জানায়, সকালে কৃষক ধানক্ষেতে গেলে বিশাল আকৃতির সাপটি দেখতে পান। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে বন বিভাগের সহযোগিতায় সাপটি নিরাপদে উদ্ধার করে রেঞ্জ অফিসের পূর্ব পাশের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবন সংলগ্ন এলাকায় মাঝে মধ্যেই বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। খাবারের সন্ধানেই অজগরটি গ্রামে ঢুকেছিল বলে ধারণা করা হচ্ছে। তারা স্থানীয়দের বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন।