পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য, লালমনিরহাটে প্রাণ-আরএফএল’র চাকরি মেলায় মন্ত্রীর আশাবাদ
মোঃ ওমর ফারুক সুমন, লালমনিরহাট প্রতিনিধি:
আগামী পাঁচ বছরে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া কর্মসংস্থান সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে।
সোমবার সকালে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ আয়োজিত ‘চাকরি মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে বেকারত্ব বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোকেও আরও বেশি ভূমিকা রাখতে হবে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে এ ধরনের কর্মসংস্থানমুখী আয়োজন তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চাকরি মেলা ঘিরে সকাল থেকেই চাকরি প্রত্যাশীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজক সূত্র জানায়, দুপুর পর্যন্ত প্রায় তিন হাজার চাকরি প্রার্থী নিবন্ধন সম্পন্ন করেন। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভিন্ন পদে প্রায় এক হাজার জনকে সরাসরি নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রাশেদুল হক, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপ-এর রিক্রুটমেন্ট প্রধান নূরুল আলম খান ও নাফিস ইন্দালিব অর্ণব।
এসময় মন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার বিষয়েও কথা বলেন। তিনি জানান, “জাগো বাহে, তিস্তা বাঁচাই” আন্দোলনের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলেন এবং রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ এ আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও বলেন, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে দেশটিকে তিস্তা প্রকল্পে অর্থায়ন ও কারিগরি সহায়তার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী শিগগিরই চীন সফরে যাবেন বলেও জানান তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের ভোটে নির্বাচিত সরকার অল্প সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবে।
উল্লেখ্য, ১৯৮১ সালে যাত্রা শুরু করা প্রাণ-আরএফএল গ্রুপ বর্তমানে দেশ-বিদেশে প্রায় দুই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।








