রোড ক্র্যাশ তদন্তে পুলিশের দক্ষতা বাড়াতে কর্মশালা

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৭:৪৪ পিএম
রোড ক্র্যাশ তদন্তে পুলিশের দক্ষতা বাড়াতে কর্মশালা

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও তদন্তে পুলিশের দক্ষতা বাড়াতে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে দুই দিনব্যাপী ‘রোড ক্র্যাশ ইনভেস্টিগেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


ব্লুমবার্গ ফিলানথ্রপিজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির অংশ হিসেবে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) গত ১৭ ও ১৮ আগস্ট এ কর্মশালার আয়োজন করে।


কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। বক্তব্যে তিনি সড়ক দুর্ঘটনার অন্তর্নিহিত কারণ চিহ্নিত এবং ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য-প্রমাণভিত্তিক ও বিস্তারিত তদন্তের গুরুত্ব তুলে ধরেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া। এ ছাড়া উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আলী খান, সহকারী পুলিশ কমিশনার, পুলিশ পরিদর্শক, সার্জেন্ট ও উপপরিদর্শকসহ চট্টগ্রাম সিটি করপোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রশিক্ষণ কর্মশালায় সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দুর্ঘটনা তদন্তের পদ্ধতি এবং তথ্য-প্রমাণ বিশ্লেষণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।


কর্মশালা শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া মোট ৭৪ জন অংশগ্রহণকারীর হাতে সনদ তুলে দেন।



এমকে/বিএম২৪