মধ্যরাতে ডেকে নিয়ে মারধরের অভিযোগ, হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ গেল হান্নানের
সউদ আব্দুল্লাহ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের শাইলগুন পশ্চিম ফকিরপাড়া গ্রামে আব্দুল হান্নান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ,পূর্ব শত্রুতা ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে কয়েকজন তাকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আব্দুল হান্নান শাইলগুন পশ্চিমফকিরপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত (২০ জুলাই) আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে মাত্রাই ইউনিয়নের আশুরাইল পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের দাবি, ঘটনার রাতে হান্নানকে মাত্রাই এলাকা থেকে কয়েকজন ব্যক্তি ডেকে নিয়ে যান। পরে আশুরাইল পুকুরপাড় এলাকায় নিয়ে তাকে হাত-পা বেঁধে মারধর করা হয়। তাদের ভাষ্য, একপর্যায়ে তার মোবাইল ফোনটি দূরে ছুড়ে ফেলে দেওয়া হলেও তিনি কোনোভাবে সেটির কাছে পৌঁছাতে সক্ষম হন।পরিবারের সদস্যদের আরও দাবি, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে মুখে বিষ ঢেলে দেওয়ার চেষ্টা করে। হান্নান বাধা দিলে জোরপূর্বক তার মুখ বেঁধে বিষ প্রয়োগ করা হয় বলে তারা অভিযোগ করেন। গুরুতর আহত অবস্থায় হান্নান মোবাইল ফোনে এক ব্যক্তিকে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি। পরে অন্য একজনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হলে ওই ব্যক্তি হান্নানের ছেলেকে বিষয়টি জানান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মোফাজ্জল হোসেন বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে নির্যাতন করা হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত এবং অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে। তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








