চিতলমারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজমল খান (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের শৈলদাহ গ্রামের বাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজমল খান শৈলদাহ গ্রামের বাসিন্দা। তিনি মৃত খান ইলিয়াচুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বাকপুর গ্রামের তরিকুল ইসলামের বাড়ির সামনের একটি পতিত জমিতে আজমল খানকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে কাছে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা চিতলমারী থানায় খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমন হাসান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান বলেন, "মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের সংস্পর্শে আসার ফলে আজমল খানের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।









