কানের দুলের লোভে শিশুকে হত্যার অভিযোগ, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী
এস এম তাজুল হাসান সাদ, নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সন্দেহে এক নারীকে গণপিটুনি দিলে তিনি নিহত হন। সোমবার (২০ জুলাই) রাত পর্যন্ত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।
নিহত শিশু ফারজানা (৯) কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং গ্রামের বাসিন্দা খান ইমামুলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ফারজানা বিদ্যালয়ে যায়। টিফিনের সময় বিদ্যালয়ের সামনে ঝালমুড়ির দোকানে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেল থেকে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে এলাকায় মাইকিংও করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করা সুমা বেগম নামে এক নারী শিশুটিকে কানের স্বর্ণের দুলের লোভে নিজের বাড়িতে নিয়ে যান। পরে তাকে হত্যা করে বাড়ির একটি ওয়ারড্রোবের ভেতরে মরদেহ লুকিয়ে রাখেন।
সন্ধ্যায় স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে সুমা বেগমের বাড়িতে তল্লাশি চালানো হলে ওয়ারড্রোবের ভেতর থেকে ফারজানার মরদেহ উদ্ধার করা হয় বলে দাবি করেন এলাকাবাসী।
মরদেহ উদ্ধারের পর বিক্ষুব্ধ জনতা সুমা বেগমকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং আইনগত ব্যবস্থা গ্রহণে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও উত্তেজনা বিরাজ করছে।








