বিমান বাহিনীর তিন সদস্যের জানাজা সম্পন্ন, মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
সরকারি দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ বিমান বাহিনীর তিন সদস্যের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার (কুর্মিটোলা)-এর সি-১৩০ হ্যাঙ্গারে সামরিক মর্যাদায় তাদের জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়।
আইএসপিআর জানায়, জানাজায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অংশ নেন। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মরহুমদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এ সময় নিহতদের পরিবারের সদস্য, সাবেক বিমানবাহিনী প্রধান, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়। পরবর্তীতে বিমানবাহিনীর প্রতিনিধি দল যথাযথ সামরিক মর্যাদায় তাদের দাফন সম্পন্ন করবে।
এর আগে সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় কিউআরএফের দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর সাত সদস্যকে বহনকারী একটি জিপ দুর্ঘটনায় পড়ে।
দুর্ঘটনার পর বিমানবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান পিয়াস এবং এলএসি মো. জুবাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর চার সদস্য বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
আইএসপিআর জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন।
নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
এমকে/বিএম২৪








