প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গরের বৈঠক, গুরুত্ব পেল দ্বিপাক্ষিক সম্পর্ক

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১১:৫৮ এএম
প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গরের বৈঠক, গুরুত্ব পেল দ্বিপাক্ষিক সম্পর্ক

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদ রনি জানান, সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।


তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গর। সফরের প্রথম দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।


সফরের অংশ হিসেবে সার্জিও গরের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং নীতিনির্ধারকদের সঙ্গেও মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।