নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার আশ্বাস

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১১:৩৮ পিএম
নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার আশ্বাস

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ব্যাপক প্রাণহানি, আহত ও নিখোঁজের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সরকার।


বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেপালের এই দুর্যোগে শোক ও সংহতি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। ভয়াবহ এই দুর্যোগে বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং পর্যটকসহ অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এ কঠিন সময়ে নেপালের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা ও পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ সরকার ও জনগণ।


নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।


পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুর্যোগকবলিত নেপালে উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণে যেকোনো ধরনের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।


সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। নেপালের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করছে। দুর্গত এলাকায় ১৫টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।


নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ৩৪১ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকের সংখ্যাই বেশি। তাঁদের মধ্যে যুক্তরাজ্যের ১২ জন নাগরিক রয়েছেন বলে জানা গেছে।