নিজের গুমের ভয়াবহ অভিজ্ঞতা জানিয়ে কাঁদলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৩:৫৬ পিএম
নিজের গুমের ভয়াবহ অভিজ্ঞতা জানিয়ে কাঁদলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজের গুম ও দীর্ঘ নির্বাসনের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন। ২০১৫ সালে গুম হওয়ার পর ৬১ দিন বন্দি থাকা এবং পরে ভারতের মেঘালয়ে প্রায় ৯ বছর কাটানোর দুঃসহ স্মৃতিচারণা করেন তিনি।


শনিবার (২৯ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘মায়ের ডাক’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘নিখোঁজ ব্যক্তিদের ফিরিয়ে আনতে বা তাদের সন্ধান পেতে চাই আইন, ন্যায়বিচার, জবাবদিহিতা এবং মানবাধিকার’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।


বক্তব্যের একপর্যায়ে ভারতে মানসিক হাসপাতালে কাটানো সময়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিদেশের মাটিতে মানসিক রোগী হিসেবে মারা যেতে পারেন এবং পরিবার হয়তো তার কবরও দেখতে পারবে না—এমন ভয় তাকে তাড়া করেছিল।


গুমের সময়কার বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, উত্তরার একটি বাসা থেকে তুলে নেওয়ার পর তাকে প্রায় ৮ ফুট বাই ৪ ফুটের একটি অন্ধকার কক্ষে ৬১ দিন আটকে রাখা হয়। কক্ষটিতে ছিল একটি পানির কল ও শৌচকার্যের জন্য নর্দমার সঙ্গে যুক্ত একটি সরু ছিদ্র। দুর্গন্ধে সেখানে থাকা অত্যন্ত কষ্টকর ছিল। মেঝেতে একটি কম্বল ও বালিশই ছিল তার শোবার ব্যবস্থা।


তিনি বলেন, প্রচণ্ড গরমের মধ্যে দরজার ওপরের সামান্য ফাঁকা জায়গা দিয়ে আসা বাতাসই ছিল তার বেঁচে থাকার অবলম্বন। হৃদরোগে আক্রান্ত হলেও বন্দিদশায় কোনো চিকিৎসা পাননি। অসুস্থ হয়ে পড়লে চোখ বেঁধে তাকে অন্য জায়গায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।


পরে চোখ ও হাত বাঁধা অবস্থায় মাইক্রোবাস ও জিপে করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ যাত্রার পর ভোরে একটি নির্জন পাহাড়ি এলাকায় তাকে ফেলে রেখে যায় অপহরণকারীরা। পরে একটি বিলবোর্ড দেখে তিনি বুঝতে পারেন, তিনি ভারতের মেঘালয়ের শিলংয়ে রয়েছেন।


স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে মানসিক ভারসাম্যহীন সন্দেহে তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে মানসিক রোগীদের সঙ্গে রেখে তাকে ওষুধ খাওয়ানো এবং চশমা কেড়ে নেওয়ার কথাও জানান তিনি।


সালাহউদ্দিন আহমদ বলেন, একপর্যায়ে হাসপাতাল থেকে তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়। স্ত্রীর কান্নার শব্দ শুনে তিনি বুঝতে পারেন, পরিবার তার জীবিত থাকার খবর পেয়েছে। পরে সাংবাদিকদের ক্যামেরার সামনে নিজের পরিচয় দিয়ে তিনি বলেন, ‘ইয়েস, আই অ্যাম সালাহউদ্দিন।’


ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৮ সালের ২৬ অক্টোবর শিলংয়ের নিম্ন আদালত এবং ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিল আদালত তাকে খালাস দেন।


ভারতে থাকা অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন সালাহউদ্দিন আহমদ। ২০২৪ সালের আগস্টের গণ-অভ্যুত্থানের পর প্রায় ৯ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার সুযোগ করে দেওয়ার জন্য জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্তদের প্রতি কৃতজ্ঞতাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।



এমকে/বিএম২৪