নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০১:৪৪ এএম
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


নতুন করে শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২১ আগস্ট) রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়। পরে এ-সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে।


প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ড. আবদুল মঈন খান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এ মন্ত্রণালয়ের মন্ত্রীর পদটি শূন্য হয়েছিল।


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা রশিদুজ্জামান মিল্লাতকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আর এ মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) এখন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।


তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।


অন্যদিকে মোহাম্মদ শামীম কায়সারকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।


এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান। তার আগে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল।


নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ এবং দায়িত্ব বণ্টনের মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এলো।