‘দেশে জ্বালানি সংকট, ব্যাংকে টাকা নেই, চলছে দলীয় সন্ত্রাস’

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৩:৫৩ পিএম
‘দেশে জ্বালানি সংকট, ব্যাংকে টাকা নেই, চলছে দলীয় সন্ত্রাস’

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করেছেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। তার দাবি, দেশে গ্যাস ও বিদ্যুতের সংকটের পাশাপাশি জ্বালানি সংকট দেখা দিয়েছে, ব্যাংকিং খাতেও অর্থসংকট চলছে এবং দেশজুড়ে দলীয় সন্ত্রাস প্রতিষ্ঠিত হয়েছে।


রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, দেশে নতুন করে ফ্যাসিবাদ আসেনি, বরং আগের ব্যবস্থাই বহাল রয়েছে। তার ভাষ্য, শেখ হাসিনার পর এখন সেই একই কাঠামোর ওপর তারেক রহমান বসেছেন। গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি; বরং রাজনৈতিক সহিংসতার পথ বেছে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।


তিনি বলেন, বাংলাদেশ সন্ত্রাসের রাজনীতির জন্য প্রস্তুত নয়। সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রয়োজনে কারাবরণ বা জীবন বিসর্জন দিতেও তারা প্রস্তুত, তবে কোনো আপস করবেন না।


এনসিপির এই নেতা বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর একটি গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হলেও সদ্য সমাপ্ত নির্বাচনের মাধ্যমে সেই প্রত্যাশা ব্যাহত হয়েছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনকে গণতান্ত্রিক করার লক্ষ্যে তারা কাজ করতে চাইলেও নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন বলে দাবি করেন।


সরকারের প্রশাসনিক নিয়োগ নিয়েও প্রশ্ন তুলে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, বিএনপির নির্বাচনী টিমের সদস্য সামসুল আলমকে চুক্তিভিত্তিক অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে, যা ভবিষ্যৎ নির্বাচনকে প্রভাবিত করার প্রস্তুতির অংশ বলে তিনি অভিযোগ করেন।


রাষ্ট্রপতি নিয়োগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাষ্ট্রপতির পদ কখনোই দলীয় বিবেচনায় পূরণ করা উচিত নয়। সরকারের এমন উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোটের দাবি তোলা হবে বলেও সতর্ক করেন তিনি।


‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিও পুনর্ব্যক্ত করেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, বিএনপিকে এই সনদ বাস্তবায়ন করতেই হবে। এ বিষয়ে গঠিত সংশোধনী কমিটির সমালোচনা করে তিনি জানান, প্রয়োজন হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করা হবে।


সভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।


এমকে/বিএম২৪