দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, শেষে মিলল জর্দার কৌটা-পান

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০২:৫২ পিএম
দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, শেষে মিলল জর্দার কৌটা-পান

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে শনিবার (১ আগস্ট) সকালে বোমাসদৃশ দুটি পরিত্যক্ত বস্তু ঘিরে সাময়িক আতঙ্কের সৃষ্টি হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, উদ্ধার হওয়া কোনো বস্তুতেই বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান পাওয়া যায়নি।


পুলিশ জানায়, খবর পাওয়ার পর সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।


মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগে বোমা থাকার আশঙ্কায় সেটি পরীক্ষা করা হয়। এক্স-রে স্ক্যানে ব্যাগের ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু শনাক্ত হওয়ার পর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টরের মাধ্যমে ব্যাগটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। পরে দেখা যায়, ব্যাগের ভেতরে ছিল একটি জর্দার কৌটা ও পান। সেখানে কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।


অন্যদিকে, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত বস্তাকেও ঘিরে বোমা সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে সেটি পরীক্ষা করে। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।


ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি না করে সন্দেহজনক কোনো বস্তু দেখলে দ্রুত পুলিশকে জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।