ডেপুটি স্পিকারের স্বাক্ষর জালের অভিযোগে এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর ও সংসদ সচিবালয়ের সরকারি লেটারহেড জাল করে বদলি ঠেকানো এবং পছন্দের কর্মস্থলে পদায়নের চেষ্টা করার অভিযোগে বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ উপবিভাগ-১-এর পরিচালক মো. মনির হোসেন ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন। এতে শাওন মজুমদারকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, শাওন মজুমদার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের জাল স্বাক্ষর এবং সংসদ সচিবালয়ের সরকারি লেটারহেড ব্যবহার করে একটি ভুয়া আধা-সরকারি (ডিও) চিঠি তৈরি করেন। ওই চিঠির মাধ্যমে নিজের বদলির আদেশ পরিবর্তন করে পছন্দের কর্মস্থলে পদায়নের চেষ্টা করা হয়।
নথি অনুযায়ী, শাওন মজুমদারকে বরগুনা সদর উপজেলা থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বদলি করা হয়েছিল। কিন্তু জাল ডিও চিঠিতে ওই বদলির আদেশ বাতিল করে তাঁকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের অনুরোধ জানানো হয়।
পরে সংসদ সচিবালয় চিঠিটি যাচাই-বাছাই করে নিশ্চিত হয় যে, তাদের পক্ষ থেকে এ ধরনের কোনো চিঠি ইস্যু করা হয়নি। তদন্তে আরও দেখা যায়, চিঠিতে ব্যবহৃত ডেপুটি স্পিকারের স্বাক্ষর, ভাষাশৈলী, বিন্যাস এবং অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য সংসদ সচিবালয়ের মূল নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি পদায়ন প্রক্রিয়াকে প্রতারণামূলকভাবে প্রভাবিত করার উদ্দেশ্যেই এ জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র জড়িত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে অভিযুক্তদের মোবাইল ফোন, কম্পিউটার ও ই-মেইলের ডিজিটাল ফরেনসিক পরীক্ষা, ভুয়া নথির মুদ্রণের উৎস শনাক্তকরণ এবং সংশ্লিষ্টদের যোগাযোগ ও আর্থিক লেনদেনের তথ্য পর্যালোচনার অনুরোধ জানানো হয়েছে।
দণ্ডবিধির জালিয়াতি, জাল নথি আসল হিসেবে ব্যবহার, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্র-সংক্রান্ত ধারায় মামলাটি রুজু করা হয়েছে। এজাহারের সঙ্গে প্রমাণ হিসেবে ভুয়া ডিও চিঠির অনুলিপি, সংসদ সচিবালয়ের প্রকৃত লেটারহেডের নমুনাসহ সংশ্লিষ্ট নথিপত্র জমা দেওয়া হয়েছে।
তবে এ ঘটনায় অভিযুক্ত শাওন মজুমদার সুমনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এমকে/বিএম২৪









