ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরছেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরছেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি। সেই চুক্তির আওতায় তাকে হস্তান্তর করতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, ‘ডিসেম্বরে আর কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীত আসবে। একমাত্র গ্যারান্টি শীত আসবে। এইটা বোধহয় নিশ্চিতভাবে আসতেছে। আপনারা জাম্পার কিনেন, ইনভেস্ট ইন অ্যা জাম্পার।’
তিনি আরও বলেন, ‘মালয়েশিয়ার প্রধানমন্ত্রী (ডিসেম্বরে) আসবেন। আমাদের বিজয় দিবস, ডিসেম্বর আনন্দের মাস হবে।’
শেখ হাসিনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সে আসবে না ডিসেম্বরে। শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে “শেখ আসবে না”। সে মূল্যহীন, অপ্রাসঙ্গিক। তাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে আসতে হবে, হাতকড়া পরিয়ে তাকে দেশে আনা হবে।’
শেখ হাসিনাকে নিয়ে ভারতও অস্বস্তিতে রয়েছে বলে মন্তব্য করেন হুমায়ুন কবির। তিনি বলেন, একজন সন্ত্রাসীকে তাদের ভূখণ্ডে রাখার চ্যালেঞ্জ ও অসুবিধা ভারত উপলব্ধি করছে। বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তি তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে প্রতিমন্ত্রী বলেন, তিনি একজন অপরাধী। তাই প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হস্তান্তর করাই দেশে ফেরানোর একমাত্র পথ।
প্রত্যর্পণ নিয়ে দুই দেশের আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, ‘আমরা আমাদের অনুরোধ জানিয়েছি। এখানে তো হাসিনাসহ আরও আওয়ামী টেররিস্টরা রয়েছে। হাদির হত্যাকারীরা রয়েছে।’
গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখল করে নেওয়ার বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, পৃথিবীর সব জায়গার রাজনীতিতেই কিছু ‘পাগল’ থাকে। বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে, কোনো রাজ্য সরকারের সঙ্গে নয়।
তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার। এ ধরনের আলোচনা বাদ দেওয়া যাক। জাতীয় পর্যায়ের সরকারগুলোর মধ্যেই গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকে।’
এর আগে মঙ্গলবার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং বলেন, ‘আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবো। অনেক হয়েছে; বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, আমরা অবশ্যই এর প্রতিশোধ নেবো, এতে কোনো সন্দেহ নেই।’









