জুলাই-জুন থাকছে না অর্থবছর, নতুন সময়কাল নির্ধারণ

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ১১:৩৯ পিএম
জুলাই-জুন থাকছে না অর্থবছর, নতুন সময়কাল নির্ধারণ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



দেশে প্রচলিত জুলাই-জুন অর্থবছর পরিবর্তন করে আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়কাল নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে ২০২৭-২৮ অর্থবছরকে নয় মাসের অন্তর্বর্তীকালীন অর্থবছর হিসেবে জুলাই থেকে মার্চ পর্যন্ত নির্ধারণ করা হবে।


সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অর্থ বিভাগের এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।


রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে বাংলাদেশে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর হিসাব করা হয়। ফলে জুলাই-আগস্টে বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় বিভিন্ন সমস্যা তৈরি হয়। বৃষ্টির কারণে কাজের সময় বেড়ে যায়, নির্মাণকাজের মান ক্ষতিগ্রস্ত হয় এবং জনদুর্ভোগও বাড়ে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিল থেকে মার্চ পর্যন্ত অর্থবছর চালু করা হলে বর্ষা শুরুর আগেই অধিকাংশ অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম শেষ করা সম্ভব হবে। এ কারণে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়কে অর্থবছর হিসেবে নির্ধারণকে যৌক্তিক মনে করছে সরকার।


অর্থবছর পরিবর্তনের পরবর্তী কার্যক্রম নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। একই সঙ্গে সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধন আনতে হবে।


এ ছাড়া নতুন অর্থবছরের সঙ্গে সামঞ্জস্য রাখতে সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পদ্ধতিতে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন আনা হবে।


মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছরকে রূপান্তরকালীন অর্থবছর হিসেবে বিবেচনা করে নয় মাসে অর্থবছর শেষ করা হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত নতুন অর্থবছর অনুযায়ী সরকারের সব কার্যক্রম পরিচালিত হবে।



এমকে/বিএম২৪