চবিতে 'চাকসু প্রেজেন্টস চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম
চবিতে 'চাকসু প্রেজেন্টস চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও এক্সেলেন্স বাংলাদেশের যৌথ উদ্যোগে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘চাকসু প্রেজেন্টস চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬’। দিনব্যাপী আয়োজিত এই জব ফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে চাকরি ও ক্যারিয়ার–সংশ্লিষ্ট নানা সুযোগ-সুবিধা সম্পর্কে জানার পাশাপাশি সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পান শিক্ষার্থীরা।

সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।

সকালে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি ও সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব,নির্বাহী সদস্য সোহানুর রহমান ও আয়োজক বৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে হবে। এই জব ফেয়ার শিক্ষার্থীদের করপোরেট জগতের সঙ্গে সরাসরি যুক্ত হতে অনন্য ভূমিকা পালন করবে।’

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যেই এ জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে চাকরিপ্রত্যাশীরা জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন এবং তাৎক্ষণিক সাক্ষাৎকার ও ক্যারিয়ার–পরামর্শ গ্রহণের সুযোগ পান।