আসিফ মাহমুদের সম্পদ ও লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
সূত্রঃ সংগৃহীত
জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার, দেশি-বিদেশি কোম্পানি গঠন ও বিদেশি নাগরিকত্ব গ্রহণসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর অংশ হিসেবে আসিফ মাহমুদ ও তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশ-বিদেশের ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য চেয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক বরাবর এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
দুদকের চিঠিতে বলা হয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দেশীয় কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ, অর্থপাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানে একজন কর্মকর্তার নেতৃত্বে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
অনুসন্ধানের স্বার্থে আসিফ মাহমুদ এবং তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির আর্থিক ও সম্পদসংক্রান্ত বিভিন্ন তথ্য চেয়েছে দুদক।
চিঠিতে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাবের তথ্য দিতে বলা হয়েছে। এর মধ্যে ব্যাংক হিসাব, ক্রেডিট ও ডেবিট কার্ড, নগদ অর্থ, বন্ড, শেয়ার, এফডিআর, ডিপিএস, ঋণ হিসাব এবং পরিশোধিত ঋণের তথ্য রয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে জমি কেনা, অর্থপাচার, শেল কোম্পানি গঠন এবং অন্যান্য আর্থিক লেনদেন ও সম্পদ অর্জনের তথ্য এবং সংশ্লিষ্ট নথিপত্র চাওয়া হয়েছে।
দুদক জানিয়েছে, বিএফআইইউর সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তথ্য সংগ্রহ করে আসিফ মাহমুদ ও তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর দেশ-বিদেশে বিনিয়োগ, ব্যাংক হিসাব এবং অন্যান্য আর্থিক কার্যক্রম পর্যালোচনা করা হবে।
দুদকের একটি সূত্র জানিয়েছে, আসিফ মাহমুদ ছাড়াও তাঁর সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তির আর্থিক তথ্য চাওয়া হয়েছে। ওই ব্যক্তি আসিফ মাহমুদের পরিবারের একজন সদস্য বলে জানা গেছে।
এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ২ সেপ্টেম্বর আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরে গত ১৩ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের কথা জানায় সংস্থাটি।
দুদক জানিয়েছে, নতুন অভিযোগটিও চলমান অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে তদন্ত করা হচ্ছে। অনুসন্ধানের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে বিভিন্ন তথ্য চেয়ে চিঠিও পাঠানো হয়েছে।
এদিকে গত ১৫ সেপ্টেম্বর দুদক সচিব সাইদুর রহমান খান জানিয়েছিলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ যেসব দেশের সঙ্গে সংশ্লিষ্ট, প্রয়োজনে সেসব দেশেও তথ্য চেয়ে চিঠি পাঠানো হবে। তিনি বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো মনগড়া নয়।
এমকে/বিএম২৪









