২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১১:০৪ এএম
২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক



বাণিজ্যিক ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করা প্রায় ২ লাখ বিদেশি নাগরিকের ভিসা বাতিলের পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।


এপি জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোপন নথি এবং দুই কর্মকর্তার বক্তব্য থেকে এ পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। নথি অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বি-১ ও বি-২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের মধ্যে প্রায় ২ লাখের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়নে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।


মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট এ পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনেক বিদেশি স্বল্পমেয়াদি ভ্রমণের উদ্দেশ্যে অ-অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করেন এবং স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করেন। এসব আবেদনকারীকে শনাক্ত করে তাদের ভিসা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।


তবে ঠিক কতজনের ভিসা বাতিল করা হবে, তা এখনই নির্দিষ্ট করে জানানো সম্ভব নয় বলে জানিয়েছেন পিগোট। তার ভাষ্য, প্রক্রিয়াটি চলমান থাকায় চূড়ান্ত সংখ্যা পরিবর্তিত হতে পারে।


যুক্তরাষ্ট্রের বি-১ ভিসা সাধারণত ব্যবসায়িক সফরের জন্য এবং বি-২ ভিসা পর্যটন, স্বজনদের সঙ্গে সাক্ষাৎ কিংবা চিকিৎসার মতো উদ্দেশ্যে দেওয়া হয়।


কর্মকর্তারা জানিয়েছেন, কারও ভিসা বাতিল করা হলেও তাকে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে— এমন নয়। অনেক আবেদনকারীকে অন্য একটি অভিবাসন শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে তারা ব্যবসায়ী বা পর্যটক হিসেবে তাদের আগের মর্যাদা হারাবেন।


এদিকে বর্তমানে বি-১ ও বি-২ ভিসার আবেদনকারীদের কাছ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন না করার এবং সফর শেষে নিজ দেশে ফিরে যাওয়ার নিশ্চয়তা চাওয়া হচ্ছে। ট্রাম্প প্রশাসন এই শর্তকে ভিসা পাওয়ার ক্ষেত্রে কার্যত বাধ্যতামূলক করে তুলেছে।


২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর বিদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া আরও কঠোর হয়েছে। এ সময়ে বহু ভিসা বাতিল, ফি বৃদ্ধি এবং বিভিন্ন দেশের নাগরিকদের আবেদন পর্যালোচনায় স্থগিতাদেশের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।


সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের মানুষ ভুয়া আশ্রয় আবেদনে অতিষ্ঠ। অভিবাসন আইনের ফাঁক হিসেবে আশ্রয়ের আবেদনকে ব্যবহার করা উচিত নয়।


সূত্র: এপি




এমকে/বিএম২৪