শেখ হাসিনার বক্তব্যে ভারতের সমর্থন নেই: রণধীর জয়সওয়াল

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৬:২৯ পিএম
শেখ হাসিনার বক্তব্যে ভারতের সমর্থন নেই: রণধীর জয়সওয়াল

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক



দিল্লিতে এক সংবাদ সম্মেলনে পলাতক ও মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।


শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ৫ আগস্ট অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানটি একটি বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার উদ্যোগে আয়োজিত হয়েছিল। অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান সরকারকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক বা সমর্থন নেই।


এর আগে, বুধবার রাতে দিল্লিতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ সরকার।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে নয়াদিল্লিতে গণমাধ্যমের সামনে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়ায় বাংলাদেশ গভীর ক্ষোভ প্রকাশ করছে। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ওই অনুষ্ঠানে শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র এবং জনগণের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণ যখন জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন করছে, ঠিক সেই সময় ভারতের মাটিতে শেখ হাসিনার এ ধরনের মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অসম্মান এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি অবমাননার শামিল।


এছাড়া, ২০২৪ সালের জুলাই-আগস্টে শিশুসহ নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের প্রতিষ্ঠিত তথ্য অস্বীকারের চেষ্টাকে ইতিহাস বিকৃতির ব্যর্থ প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জনগণ অতীতের মতো এখনও এ ধরনের অপচেষ্টা প্রত্যাখ্যান করে আসছে।



এমকে/বিএম২৪