যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে মধ্যস্থতায় এবার কাতার

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০১:৫৯ পিএম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে মধ্যস্থতায় এবার কাতার

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতে মধ্যস্থতার ভূমিকায় এবার পাকিস্তানের পাশাপাশি এগিয়ে এসেছে কাতার। এ উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার তেহরান সফর করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি।


তেহরান সফরে কাতারের প্রধানমন্ত্রী ইরানের শীর্ষ আলোচক ও ক্ষমতাসীন সরকারের অন্যতম মুখপাত্র মোহাম্মদ বাকের ঘালিবাফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি ইরানকে আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানান।


জবাবে ঘালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলার জন্য মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে, তাহলে তেহরান ফের আলোচনায় বসতে পারে।


বৈঠকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নির্বাহী প্রধান মেজর জেনারেল মোহসিন রেজায়িও উপস্থিত ছিলেন। তিনি জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরান শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যুক্তরাষ্ট্র সত্যিই আলোচনা চাইলে তার আগেই সংলাপ শুরু করতে হবে।


এদিকে কাতারের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, তেহরানের সঙ্গে আলোচনায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি ইরান ও ওমানের যৌথ নৌ-পরিবহন করিডোর চালু এবং প্রণালি থেকে মাইন অপসারণের একটি যৌথ প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।


এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসার বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে ইরান ফলপ্রসূ আলোচনায় আগ্রহ দেখালে পরিস্থিতি পরিবর্তনের সুযোগ রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।


যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে এর আগে পাকিস্তান মধ্যস্থতার উদ্যোগ নিয়েছিল। এখন কাতারও সক্রিয় হওয়ায় কূটনৈতিকভাবে সংকট নিরসনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।


সূত্র: রয়টার্স


এমকে/বিএম২৪