ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবেন না শেখ হাসিনা

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম
ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবেন না শেখ হাসিনা

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

ভারতে অবস্থান করে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলে জানিয়েছে ভারত সরকার। দেশটির সংসদীয় স্থায়ী কমিটিকে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ ভারতের প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার মধ্যে রয়েছে বলেও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।


সম্প্রতি শেখ হাসিনা বলেছেন, চলতি বছরের শেষ দিকে তিনি বাংলাদেশে ফিরতে পারেন। এ বক্তব্যের পর বাংলাদেশের আইনমন্ত্রী এম আসাদুজ্জামান জানান, তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হতে পারে।


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে আরও জানিয়েছে, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ-সংক্রান্ত আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষা-নিরীক্ষা করছে।


বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সুপারিশ


‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে ভারতীয় সংসদীয় কমিটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। এতে মানবিক ও নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখে সংবেদনশীল বিষয়গুলো সতর্কতার সঙ্গে মোকাবিলার আহ্বান জানানো হয়েছে।


প্রতিবেদনে বাংলাদেশি নাগরিকদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার সুপারিশও করা হয়েছে। কমিটির মতে, দীর্ঘদিন ভিসা কার্যক্রম সীমিত থাকায় দুই দেশের জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্কেও প্রভাব ফেলছে।


উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে পর্যটক ভিসা স্থগিত করার প্রায় দুই বছর পর, ২০২৬ সালের ২৮ জুন বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করে ভারত।


গঙ্গা পানি চুক্তি নবায়নের তাগিদ


প্রতিবেদনে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। চলতি বছর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা উল্লেখ করে বাংলাদেশ সরকারের সঙ্গে দ্রুত নবায়ন আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে সংসদীয় কমিটি।


তাদের মতে, হালনাগাদ নদীর প্রবাহসংক্রান্ত তথ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য সরকারের মতামত বিবেচনায় নিয়ে নতুন করে আলোচনা শুরু করা প্রয়োজন।


সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস