ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৬:১১ পিএম
ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহতদের একজন প্রশিক্ষক এবং অন্যজন প্রশিক্ষণার্থী।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে চার আসনের দুই ইঞ্জিনের বিমানটি বিধ্বস্ত হয়।


নিহতরা হলেন গুজরাটের শচীন ভাটিয়া ও কর্ণাটকের অভিষেক পূজারী। স্থানীয় কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ১১টার দিকে কানপুরের গর্গ এভিয়েশন ট্রেনিং সেন্টার থেকে বিমানটি উড্ডয়ন করে। প্রশিক্ষণ শেষে কেন্দ্রে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।


কানপুর নগরের পুলিশ কমিশনার রঘুবীর লাল জানান, নিহত প্রশিক্ষকের প্রায় ৩ হাজার ঘণ্টা উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতা ছিল। প্রাথমিকভাবে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও জরুরি সেবা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন। বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।


ঘটনাটি ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (ডিজিসিএ) জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে সংস্থাটির একটি দল তদন্ত করবে।


এদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


সূত্র: এনডিটিভি


এমকে/বিএম২৪