বন্যায় ভেসে দূর জেলায় মরদেহ, মর্গেও জায়গা নেই
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যার পর মরদেহ উদ্ধারে তৈরি হয়েছে নতুন সংকট। পানির তীব্র স্রোতে ভেসে যাওয়া মরদেহগুলো নদীর ভাটির বিভিন্ন জেলায় পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত ৫৪৭টি মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।
কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবারের বন্যায় রাসুয়া ও নুয়াকোট জেলার বহু মানুষের মরদেহ ভেসে গিয়ে চিতওয়ান, তানাহুন, নাওয়ালপারাসিসহ বিভিন্ন এলাকায় পৌঁছেছে। ফলে বন্যাকবলিত এলাকার বাইরে গিয়েও মরদেহ উদ্ধারের কাজ করতে হচ্ছে।
মরদেহের সংখ্যা বাড়তে থাকায় নুয়াকোট, ধাদিং ও নাওয়ালপারাসির মর্গগুলোতে জায়গা সংকট দেখা দিয়েছে। কিছু মরদেহ পার্শ্ববর্তী জেলার মর্গে পাঠানো হয়েছে। চিতওয়ান হাসপাতালের মর্গও পূর্ণ হয়ে যাওয়ায় সেখানে অস্থায়ী মর্গ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে বিভিন্ন জেলা থেকে মরদেহ আসায় পোখরার হাসপাতালের মর্গেও জায়গা ফুরিয়ে আসছে।
বৃহস্পতিবার সকাল থেকে চিতওয়ানে ত্রিশূলি ও নারায়ণী নদীর তীরবর্তী এলাকা থেকে ১৩৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবারও সেখানে মরদেহ উদ্ধারের ঘটনা ঘটছে।
চিতওয়ান হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মর্গে সাধারণত ৩০ থেকে ৫০টি মরদেহ রাখা সম্ভব। নতুন অস্থায়ী মর্গে প্রায় ২৫০টি মরদেহ রাখা যাবে।
চিতওয়ানে সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হওয়ায় বন্যাকবলিত বিভিন্ন জেলার মানুষ সেখানে ছুটে যাচ্ছেন স্বজনদের সন্ধানে।
সূত্র: কাঠমান্ডু পোস্ট
এমকে/বিএম২৪









