পেজেশকিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ও তার প্রতিনিধি দলের অংশগ্রহণ নিশ্চিত করতেই তাদের ভিসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া বক্তব্যে মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে ইরান সরকারের মূল প্রতিনিধিদল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পারবে।
তবে ইরানি প্রতিনিধিদলের ওপর অন্য দেশের প্রতিনিধিদের তুলনায় অতিরিক্ত কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সীমিতসংখ্যক প্রতিনিধিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তাদের যুক্তরাষ্ট্রে চলাচলের ক্ষেত্রে কঠোর ভ্রমণ বিধিনিষেধ এবং বিলাসবহুল পণ্য কেনার ওপর আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাত এবং কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে পেজেশকিয়ান ও ইরানি প্রতিনিধিদলের নিউইয়র্ক সফরকে ঘিরে বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে।
এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ভিসার আবেদন করেছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে তাকে ভিসা দেয়নি মার্কিন প্রশাসন।
জাতিসংঘের সাধারণ পরিষদ জানিয়েছে, মাহমুদ আব্বাস অধিবেশনে বক্তব্যের ভিডিও পাঠালে তা প্রচার করা হবে।
সূত্র: এএফপি
এমকে/বিএম২৪









