পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের কর্ণাটকের হাসান তালুকের একটি আবাসিক বিদ্যালয়ে প্রায় পাঁচ বছর ধরে পরিত্যক্ত গোয়ালঘরের মতো একটি স্থানে পড়াশোনা, খাওয়া-দাওয়া ও রাতযাপন করছে ১৭২ শিক্ষার্থী। অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে তাদের দিন কাটানোর খবর প্রকাশ্যে আসার পর রাজ্যজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
শান্তিশ্রমে অবস্থিত ডা. বি আর আম্বেদকর রেসিডেন্সিয়াল স্কুলটি সমাজকল্যাণ বিভাগের অধীনে পরিচালিত। ষষ্ঠ থেকে দশম শ্রেণির এ বিদ্যালয়ে ৯২ জন ছেলে ও ৮০ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে। পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও আবাসনের ব্যবস্থা না থাকায় একই স্থানে ক্লাস, খাবার ও ঘুমের ব্যবস্থা করতে হচ্ছে তাদের।
বিশেষ করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মেঝেতে বসে ক্লাস করতে হয়। ভবনটিতে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থাও নেই। ফলে দীর্ঘদিন ধরে এমন পরিবেশে থাকার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পড়াশোনা দুটিই ঝুঁকির মধ্যে পড়েছে।
স্যানিটেশন ব্যবস্থার চিত্রও উদ্বেগজনক। ৯২ জন ছেলে শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র পাঁচটি শৌচাগার। অন্যদিকে ৮০ জন মেয়ের জন্য প্রয়োজনীয় মৌলিক স্যানিটেশন সুবিধাও পর্যাপ্ত নয়।
বিষয়টি সামনে আসার পর নড়েচড়ে বসেছে কর্ণাটক সরকার। রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা মন্ত্রী বিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও সার্বিক পরিবেশ পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে সমাজকল্যাণ বিভাগ জানিয়েছে, বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের কাজ চলছে। উপযুক্ত বিকল্প ভবন না পাওয়ায় সাময়িকভাবে শিক্ষার্থীদের ওই স্থানে রাখা হয়েছিল বলে দাবি করেছে বিভাগটি।
শিক্ষামন্ত্রীর নির্দেশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত প্রতিবেদন দেবে বলে জানা গেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
এমকে/বিএম২৪









