কেপ ভার্দেতে বাস খাদে, নিহত ২৫; বেশিরভাগই শিক্ষার্থী

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পিএম
কেপ ভার্দেতে বাস খাদে, নিহত ২৫; বেশিরভাগই শিক্ষার্থী

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


আফ্রিকার পশ্চিম উপকূলের আটলান্টিক মহাসাগরে অবস্থিত কেপ ভার্দের ফোগো দ্বীপে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই স্কুলশিক্ষার্থী ও কিশোর।

রোববার (৬ সেপ্টেম্বর) রয়টার্স জানায়, শনিবার রাতে ফোগো দ্বীপের উত্তরাঞ্চলের একটি পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যায়।

বাসটিতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অন্য যাত্রীরাও ছিলেন। দুর্ঘটনায় আহত কয়েকজনকে ফোগো দ্বীপের সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভ্রমণটি কোনো স্কুলের উদ্যোগে আয়োজন করা হয়নি। চালক নিজ উদ্যোগে প্রতিবছরের মতো এ ভ্রমণের আয়োজন করেছিলেন। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।

দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এমকে/বিএম২৪