ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, শতাধিক যাত্রী উদ্ধার

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৩:৪৫ পিএম
ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, শতাধিক যাত্রী উদ্ধার

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


ইন্দোনেশিয়ার বালি থেকে লম্বকগামী একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার স্থানীয় সময় সকালে মাঝসমুদ্রে ফেরিটিতে আগুন লাগে। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শতাধিক যাত্রীকে উদ্ধার করে নিরাপদে লম্বকে নেওয়া হয়েছে।


এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটন দ্বীপ বালি থেকে পার্শ্ববর্তী লম্বক দ্বীপের উদ্দেশে ফেরিটি যাত্রা করেছিল। পথে হঠাৎ এতে আগুন ধরে যায়।


ইন্দোনেশিয়ার সরকারি অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার লম্বক শাখার প্রধান নির্বাহী মুহাম্মদ হরিয়াদি স্থানীয় টেলিভিশন মেট্রো টিভিকে জানান, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে যাত্রীদের তিনটি উদ্ধারকারী নৌযানে স্থানান্তর করা হয়।


উদ্ধার করা যাত্রীদের মধ্যে প্রথম নৌযানে ৩০ জন, দ্বিতীয় নৌযানে ৫৯ জন এবং তৃতীয় নৌযানে ১৭ জনকে লম্বকে নেওয়া হয়েছে। সব মিলিয়ে অন্তত ১০৬ জনকে উদ্ধার করা হয়েছে।


তবে ফেরিটিতে আগুন লাগার সময় মোট কতজন যাত্রী ছিলেন, সেই সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে ফেরির সব যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, তা নিয়েও সংশ্লিষ্টরা নিশ্চিত নন।


হরিয়াদি বলেন, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তারা পৌঁছানোর আগেই কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ উদ্ধারকারী নৌযান ও হেলিকপ্টার দিয়ে তৎপরতা চালানো হয়।


ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনা নতুন নয়। এর মাত্র পাঁচ দিন আগে, ৭ আগস্ট জাভা দ্বীপে একটি ফেরিতে আগুন লেগে পাঁচজন নিহত হন। এর আগে সেলায়ার দ্বীপের কাছে ফেরি ডুবে ৭০ জনের মৃত্যু হয়েছিল।


প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া নৌ-যোগাযোগের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশটিতে ফেরি দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও বৈরী আবহাওয়াকে উল্লেখ করা হয়।


সূত্র: ফার্স্টপোস্ট




এমকে/বিএম২৪