আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের সংঘর্ষ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম
আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের সংঘর্ষ

সূত্রঃ ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক


আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ভারত।


বুধবার (১৬ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে পাকিস্তানের বিরুদ্ধে ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণের’ অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।


বিবৃতিতে বলা হয়, দুই দেশের নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি ঠিক কখন ঘটেছে, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের এমন আচরণ ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৯১ সালে স্বাক্ষরিত সামরিক মহড়া, কৌশল ও সেনা চলাচলের আগাম বিজ্ঞপ্তিসংক্রান্ত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন।


বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পাকিস্তানি কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বলা হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সংশ্লিষ্ট চুক্তি মেনে চলা এবং সব সামরিক ইউনিটকে যথাযথ সতর্কতা অবলম্বনের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।


পাকিস্তানি কূটনীতিককে ভারতের এ বার্তা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই ধরনের প্রতিবাদ জানাতে নির্দেশ দেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।