ভারত কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়, প্রশ্ন চিফ প্রসিকিউটরের
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাংলাদেশে সম্পন্ন হওয়ার পর ভারত কীভাবে পুনর্বিচারের পরামর্শ দেয়, সেই প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো আইনগত সুযোগ নেই। ভারত, পাকিস্তান ও বাংলাদেশে একসময় পুনর্বিচারের বিধান থাকলেও বর্তমানে তা বাতিল করা হয়েছে। তবে বাংলাদেশে আপিলের বিধান রয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, আমাদের দেশে এ প্রক্রিয়াকে ডিনেবো ট্রায়াল তথা পুনর্বিচার বলা হয়। একবার বিচার সম্পন্ন হওয়ার পর একই বিষয়ে আবার বিচার করার কোনো সুযোগ নেই। ভারতীয় বিচারব্যবস্থায়ও আগে এ ধরনের বিধান ছিল, যা পরে বাতিল করা হয়েছে। পাকিস্তানেও এ বিধান নেই। যে দেশে এ চর্চা নেই, তারা অন্য একটি দেশকে কীভাবে পুনর্বিচারের পরামর্শ দেয়?
ভারতের পরামর্শের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভারত সরকার শুরু থেকেই এ মামলার বিচার কার্যক্রম সম্পর্কে অবগত। শেখ হাসিনা দেশটিতে অবস্থান করছেন। বিচার কার্যক্রম শুরুর সময় কেন তাঁকে বাংলাদেশে ফিরে এসে বিচার মোকাবিলা করতে বা যথাসময়ে আপিল করতে পরামর্শ দেওয়া হয়নি? তখন তাঁকে বাংলাদেশে গিয়ে বিচার মোকাবিলা কিংবা আপিল করার পরামর্শ না দিয়ে এখন পুনর্বিচারের কথা বলা হচ্ছে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, এ ধরনের বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি। একই বিষয়ে দ্বিতীয়বার বিচার করার আইনগত কোনো সুযোগ নেই। শেখ হাসিনার আপিলের সুযোগ সরকার বা চিফ প্রসিকিউটর কেউ দিতে পারবেন না। এটি সম্পূর্ণ আইনের বিষয়।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ আওয়ামী লীগ সরকার প্রণয়ন করেছে। ২০১০ সালে এ আইনের অধীনে বিচারপ্রক্রিয়ার বিধিমালা তৈরি করা হয়। ২০২৪ সালের আগ পর্যন্ত এ আইন ও বিধিমালা অনুসারেই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হয়েছে।
বর্তমান সরকার আপিলের বিধান পরিবর্তন করেনি উল্লেখ করে মো. আমিনুল ইসলাম বলেন, প্রচলিত আইন অনুযায়ীই বিচার কার্যক্রম চলছে। আইনে আপিলের যে বিধান রয়েছে, সেটিই কার্যকর হবে। আইনগত বিধান না থাকলে সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটরের কারও তা দেওয়ার এখতিয়ার নেই।
এমকে/বিএম২৪









