সুইফটের নতুন পেমেন্ট ব্যবস্থায় বিশ্বে নজির গড়ল সিটি ব্যাংক

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৮:৪৬ এএম
সুইফটের নতুন পেমেন্ট ব্যবস্থায় বিশ্বে নজির গড়ল সিটি ব্যাংক

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



আন্তর্জাতিক অর্থ স্থানান্তরে সুইফটের নতুন রিটেইল ক্রস-বর্ডার পেমেন্ট ব্যবস্থায় বিশ্বের প্রথম ব্যাংক হিসেবে অর্থ প্রেরণ ও গ্রহণ—উভয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে নতুন রেকর্ড গড়েছে সিটি ব্যাংক। ‘সুইফট স্কিম’–এর আওতায় প্রথম কোনো ব্যাংক হিসেবে এই দ্বিমুখী লেনদেন সম্পন্ন করে প্রতিষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।


অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জার্মানি, ভারত, স্পেন, থাইল্যান্ড, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৭টি দেশের ৫০টির বেশি শীর্ষস্থানীয় ব্যাংক সুইফটের এই নতুন কাঠামো বাস্তবায়নে অংশ নিয়েছে। বাংলাদেশ থেকে একমাত্র ব্যাংক হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে এই উদ্যোগে যুক্ত হয় সিটি ব্যাংক।


গত ২২ জুন সিটি ব্যাংক তাদের প্রথম আন্তর্জাতিক লেনদেন মাত্র এক মিনিটে সম্পন্ন করে। একই দিনে দ্বিতীয় লেনদেনটি শেষ হয় মাত্র ৫৭ সেকেন্ডে, যা নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হয়। পরদিন ২৩ জুন ভারতের এইচডিএফসি ব্যাংকের সঙ্গে সমন্বয় করে গেটওয়ে মিডিয়ার ভূমিকা পালন করে একটি আন্তঃসীমান্ত লেনদেন সফলভাবে সম্পন্ন করে সিটি ব্যাংক, যা পরে বাংলাদেশের আরেকটি স্থানীয় ব্যাংকে পৌঁছে দেওয়া হয়।


প্রচলিত আন্তর্জাতিক অর্থ স্থানান্তর ও রেমিট্যান্স ব্যবস্থায় একাধিক মধ্যস্থতাকারী, দীর্ঘ প্রক্রিয়া এবং অতিরিক্ত খরচের কারণে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়। এসব সমস্যা দূর করতে দ্রুত, স্বচ্ছ ও কম খরচে আন্তর্জাতিক অর্থ লেনদেনের সুবিধা দিতে সুইফট এই আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে লেনদেনের শতভাগ অর্থপ্রাপ্তি নিশ্চিত হওয়ার পাশাপাশি ২৪ ঘণ্টা রিয়েল-টাইমে অর্থের অবস্থান ট্র্যাক করা সম্ভব।


সম্প্রতি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও সুইফটের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের এই আন্তর্জাতিক সাফল্যকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং সুইফটের কান্ট্রি প্রধান কিরণ শেঠি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনের হাতে বিশেষ স্মারক ক্রেস্ট তুলে দেন।


এ সময় সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহিয়া জুনেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মেসবাহউল আসিফ সিদ্দিকী, সুইফটের অ্যাকাউন্ট ডিরেক্টর অর্পিতা ঘোষসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এমকে/বিএম২৪