যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে সাড়ে ৬ শতাংশ

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ এএম
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে সাড়ে ৬ শতাংশ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে। চলতি বছরের প্রথম সাত মাসে দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে ৬ শতাংশ কমেছে।


গত শনিবার যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) প্রকাশিত তথ্যের বরাতে এ তথ্য জানা গেছে।


অটেক্সার তথ্য অনুযায়ী, গত বছরের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৬ বিলিয়ন ডলারে।


এ সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ কমেছে ৪ দশমিক ৩৪ শতাংশ। একই সঙ্গে পোশাকের মূল্য কমেছে ২ দশমিক ২৬ শতাংশ।


শুধু জুলাই মাসের হিসাবেও বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধরনের পতন দেখা গেছে। ওই মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১০ দশমিক ৭৩ শতাংশ। এতে দেশটির বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির গতি দুর্বল হওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।


বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর মধ্যেও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে পতন দেখা গেছে। এর মধ্যে চীন ও ভারতে রপ্তানি কমার হার তুলনামূলকভাবে বেশি। তবে ভিয়েতনামের রপ্তানি কমেছে প্রায় ১ শতাংশ।


যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান রপ্তানি বাজার। ফলে দেশটিতে রপ্তানি কমে যাওয়ায় দেশের পোশাকশিল্পের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।