ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি, দুই মাসে এসেছে ৫০০ টন

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম
ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি, দুই মাসে এসেছে ৫০০ টন

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ-ভারতের ইলিশ বাণিজ্যে এবার দেখা দিয়েছে ব্যতিক্রমী চিত্র। দীর্ঘদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হলেও এবার দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে উল্টো ভারত থেকেই বাংলাদেশে ইলিশ আসছে। গত দুই মাসে ভারত থেকে প্রায় ৫০০ টন ইলিশ বাংলাদেশে এসেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।


মৎস্য ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি রয়েছে। দেশে চলতি বছর ইলিশের উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দামের ওপরও। বর্তমানে এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।


ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারত থেকে আমদানি করা ইলিশের বড় অংশ গুজরাট থেকে সংগ্রহ করা হয়েছে। এসব মাছ ভরুচ বন্দর হয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের হাওড়া, ডায়মন্ড হারবার ও কোলাঘাট থেকেও কিছু ইলিশ বাংলাদেশে এসেছে। গুজরাট ও মুম্বাই থেকেও কয়েকটি চালান পাঠানো হয়েছে।


ভারতীয় ব্যবসায়ীদের মতে, গুজরাটের ইলিশে প্রচুর ডিম থাকায় দেশটির বাজারে এর চাহিদা তুলনামূলক কম। তবে বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে ডিমভরা ইলিশের চাহিদা বেশি। এ কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে গুজরাটের ইলিশ আকর্ষণীয় হয়ে উঠেছে। এসব মাছের ডিম আলাদাভাবেও বিক্রি হচ্ছে এবং পরবর্তী সময়ে প্রক্রিয়াজাত করে অন্য দেশেও রপ্তানি করা হচ্ছে।


পেট্রাপোল দিয়ে এসেছে ৪৫০ টনের বেশি


ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দর দিয়ে গত দুই মাসে ৪৫০ টনের বেশি ইলিশ বাংলাদেশে পাঠানো হয়েছে। রোববারও প্রায় ১০ টন ইলিশ নিয়ে দুটি চালান বাংলাদেশে প্রবেশ করেছে।


শুরুতে ভারতীয় কয়েকজন রপ্তানিকারক বিষয়টি প্রকাশ্যে স্বীকার করতে চাননি। পরে পেট্রাপোল বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কাস্টমস কর্মকর্তারা নিশ্চিত করেন, ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি হয়েছে। মৎস্য আমদানিকারক সমিতির নেতারাও বিষয়টি নিশ্চিত করেছেন।


দুই দেশেই ইলিশের সংকট


মৎস্য ব্যবসায়ীরা বলছেন, সীমান্তের দুই পাশেই ইলিশের সংকট এই অস্বাভাবিক বাণিজ্যের অন্যতম কারণ। অনিয়মিত বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে ইলিশ আহরণ ব্যাহত হয়েছে। এতে মাছের সরবরাহ কমার পাশাপাশি জেলেদেরও লোকসান হয়েছে।


ভারতীয় এক রপ্তানিকারকের দাবি, বাংলাদেশি ব্যবসায়ীরা আরব সাগর ও নর্মদা নদীর মোহনা থেকে ধরা ইলিশও সংগ্রহ করছেন। এসব মাছ দেখতে আকর্ষণীয় হলেও পদ্মার ইলিশের মতো স্বাদ নয়। তবে তুলনামূলক কম দাম এবং দেশের বাজারে সংকট থাকায় ব্যবসায়ীরা এসব মাছ আমদানি করছেন।


দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি হবে?


ভারত থেকে বাংলাদেশে ইলিশ আসার ঘটনায় এবার দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।


গত বছর বাংলাদেশ ভারতকে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিলেও শেষ পর্যন্ত ভারতে পৌঁছেছিল ১৪৩ দশমিক ৮০ টন। এর আগের দুই বছরেও ভারতে ইলিশ আমদানির পরিমাণ ৬০০ টনের নিচে ছিল। মূলত বেশি দামের কারণে ভারতীয় আমদানিকারকেরা অনেক চালান নিতে আগ্রহী ছিলেন না।


এবার কলকাতার মাছ আমদানিকারকেরা বাংলাদেশ থেকে আবার ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশি মাছ ব্যবসায়ীরাও একই ধরনের অনুরোধ করেছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।


বিশ্বের অন্যতম প্রধান ইলিশ উৎপাদনকারী বাংলাদেশে এবার বাজারের ঘাটতি মেটাতে ভারত থেকে ইলিশ আমদানি হচ্ছে। ফলে দুই দেশের দীর্ঘদিনের ইলিশ বাণিজ্যে তৈরি হয়েছে এক অস্বাভাবিক পরিস্থিতি।


এমকে/বিএম২৪