দেশের বাজারে টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল ১২ হাজার ৭১ টাকা
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। এ নিয়ে টানা পাঁচ দফায় প্রতি ভরিতে স্বর্ণের দাম কমল ১২ হাজার ৭১ টাকা।
শনিবার (১৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে পঞ্চমবারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। নতুন এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
তবে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
এমকে/বিএম২৪









