এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ালো সরকার
মোঃ জাহেরুল ইসলাম:
শিক্ষকদের চলমান আন্দোলনের মুখে অবশেষে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করেছে সরকার। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
রবিবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে।
তবে এ ভাতা পেতে কয়েকটি শর্তও নির্ধারণ করেছে সরকার।
প্রজ্ঞাপনের শর্তসমূহ
উক্ত বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করতে হবে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১,
বেসরকারি মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত),
এবং বেসরকারি ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ও মৎস্য ডিপ্লোমা প্রতিষ্ঠানগুলোর নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুসরণ করতে হবে।
বর্ণিত ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া প্রাপ্যতা থাকবে না।
ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মেনে চলতে হবে।
ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জি.ও জারি করে তার চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য পাঠাতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ সিদ্ধান্ত আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
শিক্ষকদের প্রতিক্রিয়া
সরকারের এই সিদ্ধান্তকে শিক্ষকদের আন্দোলনের তাৎক্ষণিক ফল হিসেবে দেখছেন শিক্ষক সংগঠনের নেতারা। তাদের দাবি, এটি একটি ইতিবাচক পদক্ষেপ হলেও বাড়িভাড়া ভাতা আরও বাস্তবসম্মত হারে বাড়ানো প্রয়োজন, কারণ বর্তমান জীবনযাত্রার ব্যয়ে ৫ শতাংশ অনেক কম।
তারা বলেন, “আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে শিক্ষক সমাজের আর্থিক অবস্থার উন্নয়নে আরও সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।”
পটভূমি
গত কয়েক সপ্তাহ ধরে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের পর সরকার অবশেষে এই সিদ্ধান্ত নিয়েছে।









