শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সহযোগীসহ আটক ২, মোটরসাইকেলে আগুন

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম
শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সহযোগীসহ আটক ২, মোটরসাইকেলে আগুন

ছবি: সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


শরীয়তপুরে নিষিদ্ধ জেলা ছাত্রলীগের এক নেতার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে মধ্যরাতে ঘোরাফেরা করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনার পর উত্তেজিত জনতা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।


শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।


আটক ব্যক্তিরা হলেন শরীয়তপুর সদর উপজেলার দাসার্ত্তা এলাকার মৃত আজাহার ফকিরের ছেলে আল আমিন (২৮) এবং একই এলাকার শাজাহান বন্দুকসীর ছেলে সাগর বন্দুকসী।


জেলা ছাত্রদলের সদস্য মাহাতাব মোর্শেদ মিহির জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাঁরা সতর্ক অবস্থানে ছিলেন। শুক্রবার দিবাগত রাতে চৌরঙ্গী মোড়ে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ভুলুর ব্যবহৃত একটি মোটরসাইকেল নিয়ে দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন তাঁরা।


তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা পরিচয় ও সেখানে আসার কারণ জানতে চান। তবে তাঁরা বিষয়টি এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করলে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানান মিহির।


পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আটক আল আমিন ছাত্রলীগ নেতা রাশেদুজ্জামান ভুলুর সহযোগী। তাঁর বিরুদ্ধে আগেও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আটক অপর ব্যক্তি আল আমিনের সহযোগী। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


ওসি আরও বলেন, আটকের পর দুই ব্যক্তি পুলিশের কাছে স্বীকার করেছেন, তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তাঁরা ওই এলাকায় গিয়েছিলেন। ঘটনাস্থলের পাশ থেকে পোড়া অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করেছে পুলিশ।