অপু বিশ্বাসের সাবেক ব্যক্তিগত মেকআপ আর্টিস্টের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
বিনোদন ডেস্ক
কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি বিউটি পার্লার থেকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাবেক ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট আল আমিন রাফির (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত ‘পারফেক্ট বিউটি পার্লার’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত আল আমিন রাফি প্রয়াত আলাউদ্দিন ও জাহেরা খাতুনের ছেলে। পরিবারের দাবি, বন্ধুকে বিদেশে পাঠানোর জন্য ধারদেনা করে দেওয়া প্রায় পাঁচ লাখ টাকা ফেরত না পাওয়ায় ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন দীর্ঘদিন ঢাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। প্রায় তিন-চার বছর আগে নিজ এলাকায় ফিরে কয়েকজন নারীকে কাজ শিখিয়ে ‘পারফেক্ট বিউটি পার্লার’ পরিচালনা শুরু করেন।
পার্লারের কর্মী বৃষ্টি বেগম জানান, আল আমিন এক বন্ধুকে ধারদেনা করে বিদেশে পাঠিয়েছিলেন। এরপর থেকে প্রায়ই ওই বন্ধুকে ফোন করে পাওনা টাকা চাইতেন তিনি। তবে কত টাকা ধার দিয়েছিলেন, তা তার জানা নেই। আল আমিনের সঙ্গে কারও শত্রুতা ছিল না বলেও জানান তিনি।
নিহতের বোন রোহেনা আক্তার জানান, নরসিংদীর বেলাবো উপজেলার বারিচা এলাকার শাহাবুদ্দিনের ছেলে নাঈমকে ঋণ ও ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়ে গ্রিসে যেতে সহায়তা করেছিলেন তার ভাই। বর্তমানে নাঈম গ্রিসে অবস্থান করছেন।
তিনি আরও জানান, গত ২৬ নভেম্বর রাতে আল আমিন ওই বন্ধুকে ফোন করে পাওনা টাকা ফেরত চান। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে ঋণের চাপের বিষয়টি সামনে এলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমকে/বিএম২৪









