মাদকসেবীকে বাঁচাতে শিক্ষক লাঞ্ছনার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
গোবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর সহকারী প্রক্টর ও কৃষি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলামকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং গোবিপ্রবি ছাত্রদলের সহ-সভাপতি জহিরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, রাতে কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মুরাল কমপ্লেক্সের পাশে বসে মাদকসেবন করছিলেন। প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গেলে তারা দৌড়ে পালিয়ে যান। এসময় সহকারী প্রক্টর আরিফুল ইসলাম গেটের বাইরে এক শিক্ষার্থীকে আটক করে মাদকসেবনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছিলেন।
এসময় ছাত্রদল নেতা জহির সেখানে এসে ক্ষিপ্ত হন এবং কথা না শুনেই সহকারী প্রক্টরকে ধাক্কা দেন। এতে আরিফুল ইসলামের হাত থেকে আটক শিক্ষার্থী পালিয়ে যায়।
ঘটনার পর সহকারী প্রক্টর মো. আরিফুল ইসলাম বলেন,
> “আমরা কয়েকজন শিক্ষার্থীকে মুরাল কমপ্লেক্সের পাশে বসে থাকতে দেখি। মাদকসেবনের সন্দেহ হলে সেখানে যাই এবং ধোঁয়া ও গন্ধ পাই। আমাদের দেখেই তারা পালিয়ে যায়। একজনকে ধরে জিজ্ঞাসাবাদ করছিলাম, তখন জহির এসে কিছু না জেনেই আমাকে ধাক্কা দেয় এবং ছেলেটিকে ছাড়িয়ে নেয়।”
অভিযুক্ত ছাত্রদল নেতা জহির ঘটনাস্থলে উপস্থিতদের সামনে বলেন,
> “একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের এরিয়ার বাইরে কাউকে হাত ধরে আটকাতে পারেন না। একজন শিক্ষার্থীকে অপমান করা হয়েছে—আমি সেটা মেনে নিতে পারিনি।”
এ বিষয়ে প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব বলেন,
> “বিষয়টি আগামী সোমবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে তোলা হবে। সেখানে রিজেন্ট বোর্ড সিদ্ধান্ত নেবে।”









