আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১০:২০ পিএম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

সূত্রঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক


আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা।


মেসি বলেন, অনেক ভাবনা-চিন্তার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিতে গিয়ে তার ভেতরে গভীর কষ্ট হয়েছে বলেও জানান তিনি।


নিজের বিদায়ী বার্তায় মেসি লেখেন, “সিদ্ধান্তটি নিতে আমার আত্মা কেঁদেছিল এবং এখনও কাঁদছে, তবে আমি বুঝি যে এটাই সঠিক সময়।” জাতীয় দলের জার্সির জন্য ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চটা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।


মেসি বলেন, আর্জেন্টিনার হয়ে খেলার প্রতিটি মুহূর্ত তার কাছে বিশেষ। দেশের হয়ে মাঠে নেমে সমর্থকদের আনন্দ দিতে এবং একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত করতে তিনি সবসময় নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন।


বিদায়ী বার্তায় মেসি আরও বলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং ক্যারিয়ারের একের পর এক অধ্যায় শেষ হচ্ছে। জাতীয় দলের হয়ে খেলার সুযোগকে তিনি ভালোবাসতেন এবং সারাজীবন ভালোবাসবেন। তবে এখন তার জায়গা নেওয়ার মতো অনেক তরুণ ও প্রতিভাবান ফুটবলার উঠে আসছে বলেও জানান তিনি।


দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে অসংখ্য সাফল্য পেয়েছেন মেসি। বিশ্বকাপ জয় থেকে শুরু করে কোপা আমেরিকার শিরোপা—দেশের হয়ে পূরণ করেছেন বহু অপূর্ণতা। এই দীর্ঘ পথচলায় পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তিনি।


ভক্তদের উদ্দেশে মেসি বলেন, গত ২০ বছরে পাওয়া ভালোবাসা তিনি কখনো ভুলবেন না। মাঠে গ্যালারি থেকে সমর্থকদের সম্মিলিত কণ্ঠ তিনি খুব মিস করবেন বলেও জানান।


বিদায়ী বার্তার শেষদিকে মেসি লেখেন, “আমাকে আর্জেন্টাইন হিসেবে সৃষ্টি করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আর্জেন্টিনা এগিয়ে চলো।”



এমকে/বিএম২৪