জামালপুরে-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৪

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ এএম
জামালপুরে-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৪

সূত্রঃ সংগৃহীত

জেলা প্রতিনিধি


জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিরীকান্দা এলাকায় ‘রাজিব’ পরিবহনের একটি বাসের চাপায় ইজিবাইকের তিন যাত্রী ও বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি রাস্তার পাশের খাদে পড়ে গিয়ে আরও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিরীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।


জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পর বাসের আরও এক যাত্রী মারা যান।


তিনি জানান, আহতদের জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।


দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে উদ্ধার তৎপরতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।



এমকে/বিএম২৪