গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক (জিএস) ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। একই সঙ্গে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটির কাছে অবৈধ প্রমাণিত হয়। পরে এ বিষয়ে তাকে শোকজ নোটিশ দেওয়া হলেও তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি।
এর পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সভায় গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্রত্ব বাতিল হওয়ায় ডাকসুর জিএস পদও বাতিল হয়েছে।
রাশেদ খাঁন আরও জানান, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাকে জিএস হিসেবে ঘোষণা করেছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছিলেন নুরুল হক নুর। ওই নির্বাচনে গোলাম রাব্বানী জিএস পদে নির্বাচিত হন।
এমকে/বিএম২৪








