পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৯:২১ পিএম
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার

সূত্রঃ সংগৃহীত

আমতলী, (বরগুনা) প্রতিনিধি


বরগুনার আমতলীতে কর্পোরেট দাতা সংস্থা পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বার্ষিক উপহার হিসেবে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার বিতরণ করা হয়েছে।


ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আমতলী এডিপি এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর যৌথ উদ্যোগে সকাল ১০টায় আমতলীর সোনালী কমিউনিটি সেন্টারে এ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এনএসএস-এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকারের সঞ্চালনায় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আমতলী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, সাংবাদিক নাসরিন সিপু এবং আমতলী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবদুর রহমান সালেহ প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, "শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও মনন বিকাশে আমাদের সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।" পাশাপাশি তিনি অভিভাবকদের শিশুদের 'গুড টাচ' ও 'ব্যাড টাচ' বিষয়ে সচেতন করার প্রতি জোর তাগিদ দেন এবং যে বিষয়গুলোতে শিশুরা স্বাচ্ছন্দ্যবোধ করে না, তা থেকে তাদের বিরত রাখার অনুরোধ জানান।


বিশেষ অতিথির বক্তব্যে এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না বলেন, "আমরা শিশুদের মুখে হাসি ফোটাতে চাই। শিশুদের অকৃত্রিম হাসিমাখা মুখ আমাদের অনুপ্রাণিত করে। আমাদের লক্ষ্য শিশুরা যেন আনন্দের সাথে পড়ালেখা করতে পারে। আগামী দিনগুলোতে তাদের জন্য একটি সুন্দর ও আনন্দময় পৃথিবী গড়ে তোলা আমাদের সবার যৌথ দায়িত্ব।"


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমতলী এপির চাইল্ড প্রোটেকশন ও এপি স্পন্সরশিপ অফিসার চার্চিল দাস, জুনিয়র প্রোগ্রাম অফিসার অতি দাস ও প্রতিভা মন্ডল, এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যাকলিন টুম্পা মন্ডল, খোকন দাস, রাধা রানী ও তানিয়া আক্তারসহ উভয় সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


আলোচনা সভা শেষে নিবন্ধিত শিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিশুরা কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে ৭৪১ শিশুর হাতে উপহারের বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার তুলে দেওয়া হয়।



এমকে/বিএম২৪