নারীর নিরাপত্তা ও বিচারহীনতার প্রতিবাদে জাবি থিয়েটারের দুইদিনব্যাপী পথনাটক
সূত্রঃ সংগৃহীত
জাবি প্রতিনিধি
‘Until They Answer’ শিরোনাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারীর নিরাপত্তা, সহিংসতা ও অপরাধের বিচারহীনতার প্রতিবাদে দুই দিনব্যাপী পথনাটক আয়োজন করেছে জাহাঙ্গীরনগর থিয়েটার (টিএসসি)।
সোমবার (৩১ আগষ্ট) সন্ধ্যা ৭টায় ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি)'র ১৩নং কক্ষে জাবি থিয়েটারের অর্থ সম্পাদক তানজিন নুসরাত মুনার সঞ্চালনায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এসময় তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার ও বুধবার (১ ও ২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে নাটকটির তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পথনাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন তপু চন্দ্র দাস।
নাটকটির আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে মুনা বলেন, 'ক্যাম্পাসে একের পর এক অপরাধের পর শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুললেও সময়ের সঙ্গে অনেক আন্দোলন থেমে যায়। তবে অনেক ঘটনার বিচার ও জবাবদিহিতা অনিশ্চিতই থেকে যায়। এই বিচারহীনতার ধারাবাহিকতাকে প্রশ্নের মুখে দাঁড় করাতেই ‘আন্টিল দ্যা এনসার’ নির্মাণ করা হয়েছে।'
পথনাটকটির রচয়িতা তপু চন্দ্র দাস নাটকটি সম্পর্কে বলেন, 'আমাদের মূলবক্তব্য হচ্ছে অপরাধ সংগঠিত হয়, আন্দোলন হয়, অমীমাংসিত অবস্থায় সেই আন্দোলন আবার থেমে যায়, সংগঠিত হয় নতুন আরেকটি অপরাধ। একের পর এক শিক্ষার্থীর নাম লেখা হয় বিচারহীনতার কালো খাতায়।'
তিনি আরও বলেন, 'নারীর নিরাপত্তা ও প্রশাসনের দায়িত্ব পালনে উদাসীনতার বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদের অংশ হিসেবে এ নাটকের মাধ্যমে প্রশ্ন তোলা হবে। অপরাধের পর কতদিন আন্দোলন চলবে? নতুন আরেকটি অপরাধ সংঘটিত হওয়া পর্যন্ত, নাকি বিচার না হওয়া পর্যন্ত?' এমন প্রশ্নও উত্থাপন করেন তপু।
নাটকটির প্রদর্শনীর সময়সূচি সম্পর্কে তারা বলেন, এটি আগামীকাল বিকেল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ও রাত ৮টায় বটতলা এবং এর পরেরদিন রাত ১০টায় মশাল মিছিল হয়ে উপাচার্যের বাসভবন প্রাঙ্গণে আয়োজন করা হবে।
এছাড়াও সংবাদ সম্মেলনে জাবি থিয়েটারের সহ-প্রকাশনা সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিয়া, থিয়েটার কর্মী শেখ মোহাম্মদ সবুজ ও আরমান সিদ্দিকী উপস্থিত ছিলেন।








