পাবনায় জাতীয়তাবাদী শ্রমিক দলের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত, বিএনপিকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
পাবনা প্রতিনিধি :
পাবনা ট্রাক-বাস টার্মিনাল সংলগ্ন মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবারের এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আলাউদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল গফুর।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জননেতা এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, “বাংলাদেশকে প্রগতির পথে ও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেল শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, কার্যকরী সভাপতি আহসান হাবিব, অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, নূর মোহাম্মদ মাসুম বগা, এবং ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি শহিদুল্লাহ শেখ প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিক দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের শ্রমিক সমাজের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আরও জোরদার হবে। তারা অঙ্গীকার করেন, বিএনপির মনোনয়নপ্রাপ্ত সকল প্রার্থীর বিজয় নিশ্চিতে শ্রমিক দলের প্রতিটি নেতা-কর্মী মাঠে কাজ করে যাবে।









