তিন দফা দাবিতে শিক্ষকদের আন্দোলনে বিএনপি নেতার সংহতি, শহীদ মিনারে এ্যানি
স্টাফ রিপোর্টার:
তিন দফা দাবিতে চলমান আমরণ অনশন ও আন্দোলনে থাকা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সোমবার (২০ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে তিনি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশে সংহতির বক্তব্য দেন।
এর আগে সকালেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী সাংবাদিকদের জানান, বিএনপি নেতা এ্যানি শিক্ষকদের আন্দোলনে একাত্মতা জানাতে শহীদ মিনারে যাবেন। তিনি বলেন, “শহীদ মিনারে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে আজ বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ অন্যান্য নেতারা আসবেন। তারা কখন আসবেন, তা পরে জানানো হবে।”
শিক্ষকদের চলমান এই আন্দোলন আজ নবম দিনে গড়িয়েছে। জাতীয়করণসহ তিন দফা দাবিতে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সোমবার দুপুরে সেখানে বৃহৎ শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়।
শহীদ মিনার এলাকায় দুপুরের দিকে শিক্ষকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে। দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা দলে দলে এসে এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন।
গতকাল (রোববার) শিক্ষক নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে জানান, “বিএনপির মহাসচিব আমাদের দাবিগুলো নিয়ে দলের অর্থ উপদেষ্টার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেছেন, আগামী ২২ অক্টোবর তিনি শিক্ষকদের মাঝে উপস্থিত হবেন।”
আজিজী আরও জানান, “ডিএমপি কমিশনার আমাদের সঙ্গে যোগাযোগ করে কিছুটা সময় চেয়েছেন। আমরা সোমবার জাতীয় শহীদ মিনারে লক্ষ লক্ষ শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষক সমাবেশের আয়োজন করেছি।”
শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকার দ্রুত তাদের তিন দফা দাবি মেনে না নিলে আন্দোলন আরও তীব্র করা হবে।









