জাবিতে ৭ম জাতীয় বিজ্ঞান উৎসব শুরু আগামী ১৭ অক্টোবর

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ পিএম
জাবিতে ৭ম জাতীয় বিজ্ঞান উৎসব শুরু আগামী ১৭ অক্টোবর

রেদওয়ান সাগর, জাবি প্রতিনিধি :

‘সি দ্যা সাইন্স, বি দ্যা চ্যাঞ্জ’ স্লাোগান ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (জেইউএসসি) ৭ম বারের মতো আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা ২০২৫। অনুষ্ঠিতব্য এ মেলায় গণিত অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, সায়েন্স কুইন, পোস্টার প্রেজেন্টেশনসহ মোট দশটি ইভেন্টে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে চারটায়  বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কমনরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি মো.  সৌরভ। 

তিনি জানান, ‘ফেস্টিভ্যালের প্রথম দিন, ১৭ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যার মধ্যে রয়েছে গণিত অলিম্পিয়াড, সায়েন্স কুইজ ও বায়োলজি অলিম্পিয়াড। প্রতিযোগিতাগুলো বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজে অনুষ্ঠিত হবে। 

দ্বিতীয় দিন, ১৮ অক্টোবর অনুষ্ঠানের অন্যান্য সেগমেন্ট শেষে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বিজ্ঞান মেলার প্রধান সমন্বয়ক ও জাবি সাইন্স ক্লাবের সাধারণ সম্পাদক মুসা জানান, ‘৭ম জাতীয় বিজ্ঞান মেলায় সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক হাজার বিজ্ঞানপ্রিয় শিক্ষার্থী অংশগ্রহণ করবে। বিজ্ঞান মেলায় সায়েন্স কুইজ, ফোর মিনিট প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেসিং, রুবিক্স কিউব, সায়েন্স ওপেন স্পিচসহ মোট দশটি সেগমেন্টে প্রতিযোগিরা অংশগ্রহণ করতে পারবে।'

সায়েন্স ক্লাবের সভাপতি মো. সৌরভ বলেন, ‘বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সকলের বিজ্ঞানমুখী হওয়া ছাড়া উপায় নেই। আর বিজ্ঞানের প্রবেশমুখ হল গণিত।  সেগমেন্টগুলোর মধ্যে গণিত অলিম্পিয়াড  অন্যতম। এই আয়োজনের মাধ্যমে আমরা দেশব্যাপী গণিতবিদ তৈরি করতে চাই। আমাদের এই প্রচেষ্টা সারাদেশে ছড়িয়ে দিতে চাই।’

তিনি আরো বলেন, ফেস্টিভ্যাল সাফল্যের জন্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের ১১৪ জন ভলেন্টিয়ার, ৪৮ জন ক্যাম্পাস এম্বাসাডর, ক্লাবের সদস্য ও এক্সিকিউটিভরা নিরলসভাবে কাজ করছেন। এছাড়া ফেস্টিভ্যাল সম্পর্কে বিস্তারিত জানতে সাইন্স ক্লাবের ওয়েবসাইট juscbd.org ভিজিট করার কথা বলেন।

উল্লেখ্য, বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে ২০০৫ সালের ১৭ আগস্ট প্রতিষ্ঠা লাভ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে সারাদেশে ছাড়িয়ে দিতে নানা কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। নিয়মিত আয়োজন হিসেবে জাতীয় গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান মেলা ছাড়াও বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা, কর্মশালা সহ বিভিন্ন সভা-সেমিনার আয়োজন করে থাকে সংগঠনটি। এছাড়া নিজস্ব প্রকাশনা ‘নিউক্লিয়াস’ এবং ‘অরবিটাল’ প্রকাশের মাধ্যমে ছাত্রদের মাঝে বিজ্ঞানের বার্তা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন তারা।