খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসফিকুজ্জামান আকতার

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৪ এএম
খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসফিকুজ্জামান আকতার

সংগৃহীত

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলির আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।


প্রথম প্রজ্ঞাপনে ছয়জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। এর মধ্যে কেএমপি কমিশনার ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে সিআইডির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


এ ছাড়া ঢাকার এসবির ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে এপিবিএনের ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেট আরআরএফের কমান্ড্যান্ট, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি এবং মো. কামরুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।


দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও আটজন কর্মকর্তাকে বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। তাঁদের মধ্যে মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি, এ এইচ এম শাহাদাত হোসাইনকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার এবং মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।


এ ছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার, মো. মিজানুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার, মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশের পুলিশ সুপার এবং পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।


পুলিশের এই রদবদলের মধ্য দিয়ে খুলনা মহানগর পুলিশের শীর্ষ নেতৃত্বেও পরিবর্তন আসছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আসফিকুজ্জামান আকতার কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।


এমকে/বিএম২৪