হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানে গায়িকাকে ৭৪ দোররা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম
হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানে গায়িকাকে ৭৪ দোররা

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


হিজাব ছাড়া গান পরিবেশনের দায়ে ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তাঁর প্রযোজনা দলের চার সদস্যকে ৭৪ বার করে দোররা মারার সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের দুই বছর ভ্রমণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অনলাইনে অশ্লীল ও অনৈতিক কনটেন্ট প্রকাশের অভিযোগে তাঁদের এ সাজা দেওয়া হয়।


সোমবার (২৩ নভেম্বর) আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম এমতেদাদ এ তথ্য জানায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আহমাদির সঙ্গে কনসার্টে অংশ নেওয়া তিন সংগীতশিল্পী ও তাঁর প্রযোজকও এ শাস্তির মুখে পড়েছেন।


ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বরে। ওই সময় ইরানের পবিত্র নগরী কোমে হিজাব ছাড়া পুরুষ সংগীতশিল্পীদের সঙ্গে একটি কনসার্টে গান পরিবেশন করেন পারাস্তু আহমাদি। পরে সেই পরিবেশনার ভিডিও ইউটিউবে প্রকাশ করা হলে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওটি কয়েক মিলিয়নবার দেখা হয়। এর পরই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।


নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গাও জানিয়েছে, কনসার্টের ভিডিও প্রকাশের পর আহমাদিসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাঁরা জামিনে মুক্তি পান। চলতি বছরের জুনে আদালত তাঁদের বেত্রাঘাত, ভ্রমণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞার সাজা দেন। আপিল আদালতও সেই রায় বহাল রাখেন।


ইরানে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে কার্যকর এ বিধান নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। ২০২২ সালে হিজাববিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হওয়া কুর্দি তরুণী মাশা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর থেকে অনেক নারী প্রকাশ্যে হিজাব পরার বাধ্যবাধকতা অমান্য করছেন।


এদিকে বেত্রাঘাতকে নির্যাতন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে সমালোচনা করে আসছে পশ্চিমা দেশ ও মানবাধিকার সংস্থাগুলো। তবে মানবাধিকার পরিস্থিতি নিয়ে পশ্চিমা সমালোচনা প্রত্যাখ্যান করে আসছে ইরান সরকার।


এমকে/বিএম২৪