চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫১ এএম
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ

সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি


খুলনা বিভাগের দুটি জেলায় ইতোমধ্যে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হলেও চুয়াডাঙ্গায় এখনো নির্বাচনের কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। এতে জেলার ক্রিকেটার, খেলোয়াড় ও সাধারণ ক্রীড়াপ্রেমীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচিত ও জবাবদিহিমূলক কমিটি গঠনের দাবি জানিয়েছেন তাঁরা।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অ্যাডহক কমিটির মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তবে নির্ধারিত সময় পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু না হওয়ায় জেলার ক্রীড়াঙ্গনে স্থবিরতা নেমে এসেছে বলে মনে করছেন ক্রীড়াবিদরা।


স্থানীয় ক্রিকেটার ও ক্রীড়াপ্রেমীরা অ্যাডহক কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি প্রশ্ন রেখে বলেন, আর কত দিন এভাবে অপেক্ষা করতে হবে এবং কবে নাগাদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে? তাঁদের মতে, অযথা কালক্ষেপণ না করে স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত নির্বাচন আয়োজন করা এখন সময়ের দাবি।


ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, একটি নির্বাচিত ও জবাবদিহিমূলক কমিটি দায়িত্ব গ্রহণ করলে চুয়াডাঙ্গার ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গন আবারও প্রাণ ফিরে পাবে। পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার পথ সুগম হবে।


জেলার ক্রীড়াঙ্গনের বৃহত্তর স্বার্থে অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ক্রীড়াপ্রেমীরা।


এমকে/বিএম২৪